ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করলেন তথ্য প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।
মঙ্গলবার ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ও নান্দাইল বাজারে লিফলেট বিতরণ করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিচ্ছন্নতা অভিযান শেষে তথ্য প্রতিমন্ত্রী নান্দাইল বাজারে পথচারী, ব্যবসায়ী ও সর্বসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এসময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের বাড়ির চারপাশ ও কর্মস্থল পরিচ্ছন্ন রাখতে হবে, যেন কোথাও পানি জমে মশার বংশবৃদ্ধি হতে না পারে। সরকার জনস্বাস্থ্য সুরক্ষায় আন্তরিকভাবে কাজ করছে, তবে জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও কর্মীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
