ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সচেতনতামূলক র্যালি
মাদারীপুর প্রতিনিধি:
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে শহরের শকুনী লেকপাড়স্থ সার্কিট হাউস চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তার, মাদারীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধ করা সম্ভব।
