ডোনাল্ডের বিদায়ঘণ্টা
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপের পরই বাংলাদেশ ক্রিকেট দলের ফাস্ট বোলিং কোচের পদ ছাড়বেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার অ্যালান ডোনাল্ড। এরই মধ্যে ক্রিকেটারদের সঙ্গে বিদায় পর্বটা সেরে নিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পরই বোর্ডের সঙ্গে দ্বন্দ্বটা প্রকাশ হয়ে পড়ে। অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউটের বিষয়টি মেনে নিতে পারেননি ডোনাল্ড। প্রকাশ্যে এর সমালোচনাও করেন তিনি। এরপর বিসিবি থেকে কারণ দর্শানো নোটিস পেয়ে বেশ মনঃক্ষুণ্ণই হন ডোনাল্ড। চাকরি ছাড়ার বিষয়টি ক্রিকেটারদের জানিয়ে দেন তিনি। অবশ্য চাকরি ছাড়ার জন্য এসব ঘটনাকে নয়, পরিবারকে আরও বেশি সময় দেওয়ার কথাই বললেন ডোনাল্ড। ইএসপিএনক্রিকইনফোকে ডোনাল্ড জানিয়েছেন, দুই বছরের নাতিকে খুব মিস করেন তিনি। বোর্ডের পক্ষ থেকে নাকি আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর কথা হয়েছিল। প্রথমে ডোনাল্ড রাজিও ছিলেন। তবে পরবর্তীতে পরিবারের কথা ভেবেই মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাছাড়া সামনে বাংলাদেশ দলের ব্যস্ত সূচি রয়েছে। ক্লান্তিকর এই সূচিও চুক্তি থেকে দূরে সরিয়ে রেখেছে ডোনাল্ডকে।
