ডোপিং নিষেধাজ্ঞা শেষে ফিরছেন চেলসি উইঙ্গার

২৫ বছর বয়সী মুদ্রিক সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালের নভেম্বরে। এরপর ইউক্রেন জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালনের সময় দেওয়া এক পরীক্ষায় নিষিদ্ধ পদার্থ মেলডোনিয়ামের উপস্থিতি ধরা পড়ায় তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।

পরে এফএ তাকে সর্বোচ্চ চার বছরের নিষেধাজ্ঞা দিলেও সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস বা আন্তর্জাতিক ক্রীড়া আদলতে আপিল করেন মুদ্রিক।

এফএ জানিয়েছে, ডোপিং-সংক্রান্ত শৃঙ্খলাভঙ্গের বিষয়টি এখন মুদ্রিকের সঙ্গে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। তিনি ডোপিংবিরোধী নিয়ম লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছেন এবং ইতোমধ্যে যে সময় নিষেধাজ্ঞার আওতায় ছিলেন, সেটিকেই শাস্তি হিসেবে মেনে নেওয়ায় এখন থেকে তার ওপর আর কোনো নিষেধাজ্ঞা কার্যকর থাকবে না।

নিজের প্রত্যাবর্তন নিয়ে মুদ্রিক বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় ছিল। আবার খেলতে পারব, এজন্য আমি ভীষণ কৃতজ্ঞ। চেলসির সবাইকে আন্তরিক ধন্যবাদ। ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করার অপেক্ষায় আছি।’

২০২২ সালে শাখতার দোনেৎস্ক থেকে ৬১ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেন মুদ্রিক। ক্লাবটির সঙ্গে তার ২০৩১ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। চেলতিতে ৫৩ ম্যাচে ৫ গোল করেছেন মুদ্রিক।

চেলসিও এক বিবৃতিতে জানিয়েছে, তারা মুদ্রিককে পূর্ণ ফিটনেসে ফিরিয়ে এনে আবার দলের সঙ্গে মাঠে দেখতে মুখিয়ে আছে।

এফএ আগে কখনো মামলাটির বিস্তারিত প্রকাশ করেনি, কারণ সংস্থাটির ডোপিংবিরোধী কার্যক্রম গোপনীয়তার নীতির আওতায় পরিচালিত হয়। তবে শুক্রবারের বিবৃতিতে প্রথমবারের মতো জানানো হয়, ২০২৪ সালের অক্টোবরে ইউক্রেন জাতীয় দলের ক্যাম্পে প্রতিযোগিতার বাইরে নেওয়া এক পরীক্ষায় মুদ্রিকের নমুনায় স্বল্পমাত্রায় মেলডোনিয়াম পাওয়া গিয়েছিল।

মেলডোনিয়াম এমন একটি ওষুধ, যা শ্বাস-প্রশ্বাসের সক্ষমতা ও সহনশক্তি বাড়াতে পারে। এ কারণেই এটি বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থার নিষিদ্ধ তালিকায় রয়েছে।

তবে এফএ জানিয়েছে, পরে মেলডোনিয়াম-সংক্রান্ত ওয়াডার কারিগরি নির্দেশিকায় পরিবর্তন আনা হয়েছে। যদিও সেই পরিবর্তন পূর্বের মামলায় প্রযোজ্য নয়, তবু বর্তমান নিয়ম অনুযায়ী মুদ্রিকের নমুনায় পাওয়া মাত্রার মেলডোনিয়াম এখন আর গণ্য হতো না এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগও আনা হতো না।

সবশেষে এফএ জানায়, ওয়াডার সম্মতিতে মুদ্রিক ও এফএর মধ্যে আপিল প্রক্রিয়ার নিষ্পত্তি হয়েছে। ফলে তাৎক্ষণিকভাবে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার সব বাধা দূর হয়েছে চেলসির এই উইঙ্গারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights