ড্রোন দিয়ে রুশ সাবমেরিনে হামলা চালাল ইউক্রেন, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো পানির নিচে চলাচলকারী সমুদ্র ড্রোন ব্যবহার করে কৃষ্ণসাগরের একটি নৌঘাঁটিতে নোঙর করা রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী একটি সাবমেরিনে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সাবমেরিনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

মঙ্গলবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানায়, ইউক্রেনের তৈরি ‌‘সাব সি বেবি’ নামের পানির নিচের ড্রোন ব্যবহার করে নোভোরোসিস্ক বন্দরে থাকা ওই সাবমেরিনে হামলা চালানো হয়। কৃষ্ণসাগরে অবস্থানরত অনেক রুশ নৌযান ইউক্রেনীয় হামলার বাইরে রাখতে রাশিয়া এই নৌঘাঁটিতে সরিয়ে এনেছিল বলে জানায় এসবিইউ।

এসবিইউ প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঘাঁটিটিতে একটি সাবমেরিন ও অন্যান্য নৌযান নোঙর করা ছিল। এরপরই সেখানে পানির ভেতর থেকে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বার্তা সংস্থা রয়টার্স বন্দরের কাঠামো ও স্তম্ভের অবস্থান মিলিয়ে ভিডিওটির স্থান নিশ্চিত করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা আলেকজান্ডার কামিশিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘ইতিহাসে এই প্রথম কোনো পানির নিচের ড্রোন একটি সাবমেরিনকে নিষ্ক্রিয় করেছে।’

ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার নভোরোসিস্ক বন্দরে নোঙর করা একটি রুশ সাবমেরিনে সফলভাবে আঘাত হেনেছে। ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, পানির নিচে চলাচলকারী ‘সি বেবি’ নামের নৌ ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়, যার ফলে সাবমেরিনটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহর এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে নৌবহর জানায়, নোভোরোসিস্ক নৌঘাঁটির উপসাগরে অবস্থানরত কৃষ্ণসাগরীয় নৌবহরের কোনো জাহাজ বা সাবমেরিন এবং তাদের কোনো নাবিকই নাশকতার ফলে ক্ষতিগ্রস্ত হয়নি। সবকিছুই স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights