ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে মধুমিতা সরকারের

অনলাইন ডেস্ক

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার ঢাকাই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীকে।

‘বোঝে না সে বোঝে না’, ‘কেয়ার করি না’ ও ‘চিনি’র মতো জনপ্রিয় কাজের মাধ্যমে দুই বাংলার দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন মধুমিতা। বাংলাদেশে তার কাজের অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। এর আগে ২০১৬ সালে ‘মেঘবালিকা’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। তবে এবার প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।

জানা গেছে, ‘গুলশানের চামেলি’র গল্প গড়ে উঠেছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালে থাকা অন্ধকার জগতকে ঘিরে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার কাঠামো ও সমাজব্যবস্থার নির্মমতার শিকার হন। তার জীবনসংগ্রামকে ঘিরেই এগিয়ে যাবে সিনেমার গল্প।

সিনেমাটিতে প্রচলিত অর্থে কোনো নায়ক চরিত্র থাকছে না। পুরো গল্পের মূল কেন্দ্রেই থাকবে একজন নারী। একই চরিত্রের মধ্য দিয়ে যেমন ইতিবাচক দিক উঠে আসবে, তেমনি প্রকাশ পাবে তার জীবনের নানা জটিলতা ও নেতিবাচক দিক। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, এটি হবে একটি নারীকেন্দ্রিক সিনেমা। মধুমিতার যুক্ত হওয়ার বিষয়ে নির্মাতা মোহাম্মদ ইকবাল বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না। সবকিছু কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তবে এক সাক্ষাৎকারে মধুমিতা জানিয়েছেন, সিনেমাটির কাজ নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। তার ভাষ্য, দীর্ঘদিন ধরেই বিভিন্ন কাজের সূত্রে বাংলাদেশে আসার কথা থাকলেও নানা কারণে তা হয়ে ওঠেনি। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

অভিনেত্রী জানান, কিছুদিন আগেই তিনি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। গল্প ও চরিত্র সম্পর্কে জানার পরই কাজটির প্রতি তার আগ্রহ তৈরি হয়। তার মতে, গল্পটি চমৎকার এবং চরিত্রটিও বেশ ব্যতিক্রমী। কলকাতায় বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করলেও এমন বহুমাত্রিক চরিত্রে আগে কাজ করা হয়নি বলেও জানান তিনি।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ‘গুলশানের চামেলি’র মহরত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights