ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফরে আসছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাম্প্রতিক বৈঠকের সময় আলোচিত মূল বিষয়গুলোর অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়। এ সময় হেলেন লাফেভ প্রধান উপদেষ্টাকে বলেন, কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। সফরে কী কী বিষয়ে আলোচনা হতে পারে তা নিয়ে আজ আলোচনা হয়। প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার উদ্যোগ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ছয়টি প্রধান সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে। তারা দেশের অংশীজনদের সঙ্গে পরামর্শ করবে।
