ঢাকা-করাচি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশকে অনুমতি দিলো পাকিস্তান

অনলাইন ডেস্ক

ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) এ অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সামা নিউজ।

শুক্রবার (২ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে সামা নিউজ জানায়, এ অনুমোদনকে আঞ্চলিক বিমান চলাচলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। নতুন বছরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আকাশ সংযোগে এটি একটি নতুন অধ্যায় বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।

সূত্র জানায়, সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের সিএএ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা–করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। প্রাথমিকভাবে এ অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। পরে পরিস্থিতি বিবেচনায় অনুমোদনটি পুনর্বিবেচনা করা হতে পারে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নির্ধারিত ও অনুমোদিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে হবে। পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত রুট ও শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে।

এ ছাড়া করাচি বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি নির্দিষ্ট স্লট বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটসংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে হবে এবং অপারেশনাল সমন্বয় ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিশ্চিত করতে হবে।

পাকিস্তানের বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের জনগণ উপকৃত হবে। এতে ভ্রমণ সহজ হবে, জনগণের মধ্যে যোগাযোগ বাড়বে এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights