ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরি দুর্ঘটনায় রাতভর যানজট

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় কাঁচপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি লরি দুর্ঘটনার ঘটনা ঘটে। এরপর থেকেই চট্টগ্রামমুখী লেনে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে বন্দরের মদনপুর অংশে সাড়ে ৬ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

তবে আজ সকাল ১০ টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত বর্তমানে শিমরাইল মোড়ে তীব্র যানজট না থাকলেও কাঁচপুর থেকে মদনপুর পর্যন্ত গাড়ীর অনেক চাপ রয়েছে। এর ফলে এই অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সরেজমিনে গিয়ে তীব্র যানজটের চিত্র লক্ষ্য করা যায়।
তানভীর রিয়াদ নামের এক যাত্রী বলেন, এক জরুরি কাজে কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে সকালে বের হয়েছিলাম। কিন্তু যানজটের কারণে শিমরাইল মোড় থেকে অনেক কষ্টে কাঁচপুর যেতে পারলেও এখন আর সামনে যেতে পারছি না। কখন নাগাদ যে এই যানজট পার হবো কিজানি।

মনির হোসেন নামের আরেক মোটরসাইকেল চালক বলেন, ভ্রমণের উদ্দেশ্যে চট্টগ্রামে যাবো বলে বের হয়েছিলাম। কিন্তু এখনো মদনপুরের জ্যামে আটকে আছি। এর আগে অনেক কষ্টে শিমরাইল থেকে এখানে আসি। বাকি পথ স্বাচ্ছন্দে যেতে পারলেই খুশি।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, গতকাল রাতে একটি সড়ক দুর্ঘটনার পর এই যানজটের সৃষ্টি হয়। তবে রাত থেকেই আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি। বর্তমানে শিমরাইল মোড়ে তেমন যানজট নেই। কাঁচপুরের দিকে গাড়ির কিছুটা চাপ রয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, সকাল থেকে গাড়ির চাপ থাকলেও তীব্র কোন যানজট নেই। রাস্তা ক্লিয়ার রয়েছে। আমরা মহাসড়কে নিয়োজিত রয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights