ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ফরিদপুরের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে বরিশালের গৌরনদীতে প্রায় তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। শুক্রবার(২৬ জুন) জুমার নামাজের পর উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নবাসীর ব্যানারে ভূরঘাটা বাস টার্মিনাল থেকে ইল্লা বাসস্ট্যান্ড পর্যন্ত এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে গৌরনদী ছাড়াও উজিরপুর ও মাদারীপুরের কালকিনিসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করেন। কর্মসূচির কারণে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

পরে ভূরঘাটা বাস টার্মিনাল এলাকায় আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ বেড়েছে, তবে দুই লেনের সরু মহাসড়ক বাড়তি যানবাহনের চাপ সামলাতে পারছে না। ফলে যানজট ও সড়ক দুর্ঘটনা বাড়ছে।

এ সময় গত ২৩ জুন গৌরনদীর খাঞ্জাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত কুয়েত প্রবাসী সোহেল ফকিরের মৃত্যুর ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। তারা দাবি করেন, মহাসড়কটি চার লেনের মূল সড়ক ও দুই পাশে দুটি সার্ভিস লেনসহ মোট ছয় লেনে উন্নীত করা হলে দুর্ঘটনা ও যানজট কমবে, কৃষিপণ্য পরিবহন সহজ হবে, পায়রা ও মোংলা বন্দরের সঙ্গে যোগাযোগ উন্নত হবে এবং দক্ষিণাঞ্চলের পর্যটন ও শিল্পখাতও উপকৃত হবে।

সমাবেশ থেকে দ্রুত ছয় লেনের প্রকল্প বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights