ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদাসহ নানা সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) বিশেষ মর্যাদা প্রদান, আবাসিক হল নির্মাণ, ‘বিশেষ এন্ডাওমেন্ট ফান্ড’ গঠনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। সাক্ষাৎকালে তারা দেশের শিক্ষা ও গবেষণার প্রসার, আর্থ-সামাজিক উন্নয়ন, মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, ‘২৪-এর ছাত্র আন্দোলনসহ বাংলাদেশের নবজাগরণের ইতিহাসে অনন্য অবদান রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদানের বিষয়ে আলোচনা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে কয়েকটি ছাত্রী ও ছাত্র হল নির্মাণ, প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের সকল অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনতে ‘বিশেষ এন্ডাওমেন্ট ফান্ড’ গঠন এবং শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এসময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তঃসম্পর্ক উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নসহ সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদান, আবাসিক হল নির্মাণ, ‘বিশেষ এন্ডাওমেন্ট ফান্ড’ গঠনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে তিনি সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights