ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা দিবস পালিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রি স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাতে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

পরে তার সভাপতিত্বে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, হল প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৫ মার্চের গণহত্যাকে উপজীব্য করে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

উপাচার্য বলেন, ২৫ মার্চের গণহত্যা ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যাগুলোর একটি, যেখানে বিশ্ববিদ্যালয়ের বহু সদস্য প্রাণ হারিয়েছেন। তিনি শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

তিনি আরও বলেন, ওই গণহত্যার পরই মুক্তিযুদ্ধ শুরু হয় এবং দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে দেশ স্বাধীনতা লাভ করে। তবে বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যাশা এখনো পূরণ হয়নি উল্লেখ করে তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে উপাচার্যের নেতৃত্বে জগন্নাথ হলের গণসমাধিতে মোমবাতি প্রজ্বলন করা হয়। এসময় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সর্বত্র এক মিনিটের ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালন করা হয়। এছাড়া কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights