ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিএসসিসি’র ৫০০ গাছের চারা রোপণ

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ৫০০টি গাছের চারা হস্তান্তর ও রোপণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সবুজ ও পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এসব গাছের চারা রোপণ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ​ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সব গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার। পাকিস্তান আমল থেকে শুরু করে প্রতিটি আন্দোলন এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন।

​নগরীকে বাসযোগ্য করার ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছেন, তা সফল করতে সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান হতাশাজনক উল্লেখ করে প্রশাসক বলেন, পরিবেশ ও বায়ুদূষণের কারণে মানুষ প্রতিনিয়ত নানা ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সম্মিলিত প্রয়াস প্রয়োজন। দেশের প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগায়, তবে একদিনেই কোটি কোটি গাছ রোপণ সম্ভব, যা বিশ্বের বুকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights