ঢাকা-মাওয়া মহাসড়কে ময়লাবাহী গাড়ির সঙ্গে পিকআপের সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া মহাসড়কে ময়লাবাহী ট্রাক ও একটি মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিমতলা এলাকায় যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, শ্রীনগর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় একটি ময়লাবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি পিকআপটি সড়কের পাশের ঢালে ছিটকে পড়ে যায়। এ সময় গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং এর একটি অংশ মহাসড়কের ওপর পড়ে থাকতে দেখা যায়।

পরে খবর পেয়ে সিরাজদিখান থানার টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে অপর একটি পিকআপযোগে ইছাপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সিদ্দিক (৪৫) নামের এক ব্যক্তি মারা যান। অপর দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসারা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ জানান, ময়লাবাহী গাড়ি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights