ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত করল বিমান

বাসস

উড়োজাহাজ সংকট, আসন্ন হজ কার্যক্রম এবং বহরের রক্ষণাবেক্ষণ প্রয়োজনের কথা উল্লেখ করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রবিবার (৪ জানুয়ারি) জাতীয় পতাকাবাহী সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিদ্যমান উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং সার্বিক পরিচালন দক্ষতা বাড়ানোর লক্ষ্যে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিমান জানায়, একাধিক উড়োজাহাজ দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণে যাওয়ার পাশাপাশি আসন্ন হজ ফ্লাইট পরিচালনায় উড়োজাহাজ বরাদ্দের প্রয়োজন থাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট স্থগিত থাকবে।

যাত্রীদের ভোগান্তি কমাতে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিদ্যমান নীতিমালা অনুযায়ী সহায়তা দেওয়া হবে। এর মধ্যে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ভ্রমণ ব্যবস্থা, ফ্লাইটের তারিখ পরিবর্তন এবং টিকিট ফেরতের সুযোগ অন্তর্ভুক্ত থাকবে।

এ বিষয়ে সহায়তার জন্য যাত্রীদের ঢাকা ও লন্ডনে বিমানের বিক্রয় কার্যালয়, কল সেন্টার অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিমান যাত্রীদের সহযোগিতা কামনা করেছে এবং ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে ফ্লাইট পুনরায় চালু হলে যথাসময়ে গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights