ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এতে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন ৪৩ জন শিক্ষার্থী।

শনিবার সকাল ১১টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সকাল সাড়ে ১১টায় কলা অনুষদের ডিন অফিস সংলগ্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৮টি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে একযোগে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে। বিভাগীয় কেন্দ্রগুলো হলো: রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪৯৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৩ জন শিক্ষার্থী।

ইতোমধ্যে শিক্ষার্থীদের আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে নিজেদের ড্যাশবোর্ডে আসনবিন্যাস দেখতে পারবেন।

পরীক্ষার প্রবেশপত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:
– ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি সঙ্গে আনতে হবে।
– প্রশ্ন ও উত্তরপত্রে কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।
– পেন্সিলের ব্যবহার নিষিদ্ধ।
– ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লুটুথ বা টেলিযোগাযোগ করা যায় এমন ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র পরীক্ষার হলে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

পরীক্ষার হলে এ ধরনের কোনো ডিভাইস পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ভর্তি পরীক্ষা বাতিল করা হবে।

আইবিএ এবং চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষা বিগত বছরের মতো ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। চলতি শিক্ষাবর্ষের ভর্তি আবেদন গত বছরের ৪ নভেম্বর থেকে শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলে।

বিশ্ব ইজতেমার কারণে আগামী ১ ফেব্রুয়ারি নির্ধারিত বিজ্ঞান ইউনিটের পরীক্ষা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) দেখতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights