ঢাবির দর্শন বিভাগের দুই শিক্ষিকাকে ক্লাস নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ

অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের দুই শিক্ষিকাকে ক্লাস এবং পরীক্ষার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগের চেয়ারম্যান ড. শাহ কাওসার মোস্তফা আবুলওয়ালী এই নির্দেশনা প্রদান করেন। যারা এই সিদ্ধান্তের আওতায় এসেছেন তারা হলেন ড. রেবেকা সুলতানা এবং সহযোগী অধ্যাপক মন্দিরা চৌধুরী।

মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড. রেবেকা সুলতানা ও মন্দিরা চৌধুরী ১৩তম ব্যাচ থেকে ১৭তম ব্যাচ পর্যন্ত ক্লাস এবং পরীক্ষা সম্পর্কিত দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন। এছাড়া, তারা কোর্স কোঅর্ডিনেটরের দায়িত্ব থেকেও বিরত থাকবেন। বুধবার থেকে দর্শন বিভাগের সব ক্লাস যথারীতি চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিভাগীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত ছাত্র আন্দোলনের সময় ড. রেবেকা সুলতানা ও মন্দিরা চৌধুরীকে নিয়ে বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ড. রেবেকা সুলতানা আন্দোলন চলাকালীন ছাত্রদের হুমকি দিয়েছেন এবং তাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। অন্যদিকে, সহযোগী অধ্যাপক মন্দিরা চৌধুরীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কটূক্তি করা এবং ইসলামোফোবিক মন্তব্য করার অভিযোগ ওঠে।
এই দুই শিক্ষক সম্পর্কে দর্শন বিভাগের একজন শিক্ষার্থী বলেন, মন্দিরা চৌধুরী যেসব শিক্ষার্থীদের দাঁড়ি-টুপি আছে তাদেরকে ‘হুজুর’ বলতেন, কণ্ঠ টান দিয়ে এটা বলতেন যেখান শ্লেষ-ঘৃণা মিশ্রিত থাকতো। আর রেবেকা সুলতানার কাছে যাদের টিউটোরিয়াল হতো তাদের সবাইকে নিয়ে তিনি প্রতিবার রামকৃষ্ণ মিশনে যেতেন এবং ছবি তুলে সবাইকে পোস্ট করতে বলতেন। বারবার রামকৃষ্ণ মিশনেই কেন যেতেন, ছবি প্রচার করতেন, তা আমার ধারণা নাই।
বিভাগ সূত্রে জানা গেছে, ছাত্রদের এসব দাবির পরিপ্রেক্ষিতেই বিভাগীয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights