ঢাবির পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আমিনুর রশিদের মৃত্যুতে সাদা দলের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আর আই এম আমিনুর রশিদ আর বেঁচে নেই। তিনি শুক্রবার ভোর (৮ আগস্ট) আনুমানিক ৫.২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমিনুর রশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার শুক্রবার এক শোকবার্তায় বলেন, অধ্যাপক আর আই এম আমিনুর রশিদের মৃত্যুতে তার পরিবারের ন্যায় আমরা গভীরভাবে শোকাহত ও সমব্যাথী। মরহুম ব্যক্তি জীবনে ছিলেন কর্মনিষ্ঠা এবং মহৎপ্রাণ। তিনি শিক্ষকতা পেশার মতো মহান পেশায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। মানসম্মত শিক্ষার বিস্তারে তিনি নিরলস প্রচেষ্টা করে গেছেন।

শিক্ষা খাতে অধ্যাপক আমিনুর রশিদের অবদানের কথা উল্লেখ করে শোকবার্তায় ঢাবি সাদা দলের নেতৃবৃন্দ বলেন, কর্মজীবনে অধ্যাপক আর আই এম আমিনুর রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, বিজ্ঞান অনুষদের ডিন, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের শিক্ষাখাতের উন্নয়নে তার অসামান্য অবদান রয়েছে।

ঢাবি সাদা দলের নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন, আমরা মহান আল্লাহর কাছে মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে তার শোকাহত পরিবারবর্গ, গুণগ্রাহী, স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আল-আমিন যেন মরহুম আমিনুর রশিদকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, এই দোয়া করি।

উল্লেখ্য যে, অধ্যাপক আর আই এম আমিনুর রশিদের নামাজে জানাজা আজকে বাদ জুমা, ধানমন্ডির তাকওয়া মসজিদে (সড়ক ১২/এ) অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights