ঢাবি রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন: প্রার্থীদের সাথে মতবিনিময় প্রশাসনের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০২৩ উপলক্ষ্যে প্রার্থীদের সাথে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার উপস্থিত ছিলেন।
সভায় অনিবার্য কারণবশতঃ ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ কেন্দ্র, গৌরিপুর মহিলা কলেজ কেন্দ্র, কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ কেন্দ্র এবং জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে পূর্ব ঘোষিত ১১ মার্চের পরিবর্তে ১৪ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

এসময় উপাচার্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা শহিদদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ ঢাকার বাইরে আগামী ৪ মার্চ ২৯টি কেন্দ্রে এবং আগামী ১৪ মার্চ তারিখ ৯টি কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া, আগামী ১৮ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights