ঢামেক হাসপাতালে সাজাপ্রাপ্ত কারাবন্দীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পরশ (৩৫) নামে এক সাজাপ্রাপ্ত কারাবন্দীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢামেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আতিয়ার শেখসহ কয়েকজন কারারক্ষী তাকে হাসপাতালে নিয়ে আসেন। নিহত পরশের বাবার নাম লিয়াকত। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তিনি সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন।
