তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে আন্দোলন চলবে : দুলু

নওগাঁ প্রতিনিধি

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ১৫ বছর যাবৎ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। বর্তমান সরকার যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করবে, ততদিন এই আন্দোলন চলবে।

রবিবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ জেলা বিএনপির কার্যালয়ে ঢাকার মহাসমাবেশকে সফল করতে এক প্রস্তুতিমূলক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত ২০১৪ এবং ১৮ সালে দেশে কোনো ভোট হয়নি। কোনো ভোটার ভোট কেন্দ্রে যায়নি। তারা জোর করে দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় আছে। আজকে শুধু বাংলাদেশে নয়, আমেরিকা ইউরোপসহ সারা পৃথিবী এখন বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। আমরা আশা করছি আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে যে আন্দোলন সংগ্রাম চলছে সরকারকে আমরা বাধ্য করবো এবং সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।
জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল, যুগ্ম আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু, যুগ্ম আহ্বায়ক শফিউল আজম রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ-সংগঠনের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights