তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক আড্ডা

অনলাইন ডেস্ক

তরুণদের মানসিকভাবে সুগঠিত, আত্মবিশ্বাসী ও ইতিবাচক চিন্তাধারায় গড়ে তোলা এবং মানসিক সুস্থতা সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সচেতনতামূলক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ আড্ডার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সী তরুণ ও শিক্ষার্থীরা অংশ নিয়ে দৈনন্দিন জীবনের মানসিক চাপ, হতাশা, একাকিত্ব, আত্মবিশ্বাসের সংকটসহ নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার সভাপতি মো. জুলফিকার আলী হায়দার। আড্ডায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আদর্শ কারিগরি কলেজের প্রভাষক রিকতা পারভিন।

আলোচনায় রিকতা পারভিন তরুণদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, বিষণ্ণতা ও হতাশা মোকাবিলার উপায়, মানসিক চাপ নিয়ন্ত্রণ, ইতিবাচক চিন্তার চর্চা এবং সুস্থ সামাজিক সম্পর্ক গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও অত্যন্ত জরুরি। জীবনের নানা প্রতিকূলতা ও ব্যর্থতার কারণে তরুণদের মধ্যে হতাশা তৈরি হতে পারে। তবে সঠিকভাবে পরিস্থিতি মোকাবিলা, পরিবার ও বন্ধুদের সঙ্গে খোলামেলা যোগাযোগ এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা গ্রহণের মাধ্যমে অনেক সংকট কাটিয়ে ওঠা সম্ভব।

তিনি আরও বলেন, তরুণ বয়স মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি সময়। এ সময়ে তাদের মধ্যে নানা ধরনের স্বপ্ন, প্রত্যাশা ও চ্যালেঞ্জ কাজ করে। পড়াশোনা, ক্যারিয়ার, পারিবারিক প্রত্যাশা, সম্পর্ক কিংবা সামাজিক ও ব্যক্তিগত নানা চাপ তাদের মানসিক সুস্থতায় প্রভাব ফেলতে পারে। তাই তরুণদের নিজেদের অনুভূতি প্রকাশের সুযোগ দিতে হবে এবং তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। এ ধরনের মুক্ত ও বন্ধুত্বপূর্ণ আড্ডা তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি মানসিকভাবে স্বস্তি পাওয়ার সুযোগ তৈরি করে।

আড্ডায় উপস্থিত তরুণ ও শিক্ষার্থীরা নিজেদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। তারা পড়াশোনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে উদ্বেগ, পরীক্ষার চাপ, পারিবারিক প্রত্যাশা, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব, হতাশা ও মানসিক চাপ থেকে উত্তরণের নানা বিষয় নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন। আলোচক তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরে ইতিবাচকভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

বক্তারা বলেন, তরুণদের মানসিকভাবে শক্তিশালী করে তুলতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়; তাদের জন্য প্রয়োজন সুস্থ বিনোদন, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, বই পড়া, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং পরস্পরের সঙ্গে ইতিবাচক যোগাযোগের সুযোগ। তরুণদের নিজেদের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি অন্যের প্রতি সহমর্মী হওয়ার মানসিকতাও গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সুমাইয়া হক, অর্থ সম্পাদক তাহসিন শেখ, সদস্য সাফায়েত আহমেদ ও কায়সার সামিসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তরুণদের শুধু সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই নয়, তাদের মানসিক ও মানবিক বিকাশেও ভূমিকা রাখতে চায় বসুন্ধরা শুভসংঘ। তরুণদের নিজেদের সমস্যা ও অনুভূতি প্রকাশের সুযোগ করে দেওয়া, পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি এবং সমাজের প্রতি দায়িত্বশীল করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক আড্ডা ও বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights