তাজউদ্দীনের মেয়ে ও ভাগিনার লড়াই
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর-৪ আসনে জমে উঠেছে নির্বাচনি প্রচার। এ আসনে মূলত লড়াই হবে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সিমিন হোসেন রিমি ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলম আহমদের মধ্যে। তারা মামাত-ফুফাত ভাইবোন হলেও ভোটের মাঠে তাদের লড়াইটা বেশ জমে উঠেছে। উভয়েই এলাকায় পথসভা ও গণসংযোগ করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তাদের নির্বাচনি প্রতীকের পোস্টারে নির্বাচনি এলাকা কাপাসিয়া উপজেলার অলিগলি ছেয়ে গেছে।
সিমিন হোসেন রিমি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদ এবং সৈয়দা জোহরা তাজউদ্দীনের মেয়ে। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী আলম আহমদ শহীদ তাজউদ্দীন আহমদের ভাগ্নে। আবার আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি। আর কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা আলম আহমদ।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচার-প্রচারণা, গণসংযোগ ও উঠান বৈঠক করে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রিমি তিন দফা সংসদ সদস্য হয়ে এলাকায় অনেক উন্নয়ন ঘটিয়েছেন। সেই উন্নয়ন চিত্র তুলে ধরে উন্নয়নের প্রচারপত্র নির্বাচনি এলাকায় বিতরণ করছেন। ছোট ভাই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজকে সঙ্গে নিয়ে নির্বাচনের মাঠেও প্রচার চালাচ্ছেন তিনি।
