তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পুনর্মূল্যায়নের সমর্থনে শাহবাগে মানববন্ধন

বাংলাদেশ ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ট্রেডার্স অ্যাসোসিয়েশন (বেন্ডস্টা)-এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর শাহবাগে সরকারের তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পুনর্মূল্যায়নের সমর্থনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বেন্ডস্টার নেতৃবৃন্দ বলেন, বর্তমানে দেশে প্রায় ৮ দশমিক ৫ থেকে ১০ লক্ষ প্রাপ্তবয়স্ক ই-সিগারেট বা ভেপ ব্যবহার করছেন, যাদের অধিকাংশই ধূমপানের ক্ষতি কমানো বা ত্যাগের উদ্দেশ্যে এই বিকল্প বেছে নিয়েছেন। তবে বিদ্যমান নিষেধাজ্ঞার ফলে বাজার ক্রমেই কালোবাজারের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, যেখানে অনিয়ন্ত্রিত ও ঝুঁকিপূর্ণ পণ্যের বিস্তার ঘটছে। এতে বৈধ ব্যবসায়ী, ব্যবহারকারী এবং সরকারের রাজস্ব- তিন পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বেন্ডস্টা জানায়, তারা সবসময়ই ১৮ বছরের নিচে বিক্রি বন্ধ রাখতে কঠোরভাবে আইন মেনে চলেছে এবং শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ধূমপায়ীদের জন্য পণ্য সরবরাহ করেছে।

বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে বেন্ডস্টা জানায়, বিশ্বের অধিকাংশ দেশ ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) নিষিদ্ধ না করে নিয়ন্ত্রণের আওতায় এনেছে। যুক্তরাজ্যের সাম্প্রতিক জনস্বাস্থ্য নির্দেশিকায় ধূমপানকে নির্ভরতা হিসেবে চিহ্নিত করে ধূমপান ত্যাগে ই-সিগারেটকে একটি কার্যকর সহায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায়ও দেখা গেছে, নিকোটিনযুক্ত ই-সিগারেট ধূমপান ছাড়তে সহায়তায় প্রচলিত নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপির তুলনায় বেশি কার্যকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights