তামিমের সেঞ্চুরিতে মোহামেডানের তৃতীয় হার

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দেশসেরা ওপেনার তামিম ইকবালের সেঞ্চুরিতে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে মোহামেডানকে ৭ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেন তামিম।

এতে ৪ ম্যাচ খেলে সবগুলোতেই জিতলো প্রাইম ব্যাংক। পক্ষান্তরে ৪ ম্যাচে ৩ হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে মোহামেডানের।
এর আগে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায় মোহামেডান। দলের পক্ষে ওপেনার মাহিদুল ইসলাম অঙ্কন ৪১, শুভাগত হোম ২৬, অনুস্তুপ মজুমদার ২৫ ও অধিনায়ক ইমরুল কায়েস ২২ রান করেন।

প্রাইম ব্যাংকের নাসির হোসেন ৩টি, রুবেল হোসেন-রেজাউর রহমান রাজা ২টি করে উইকেট নেন।

২০০ রানের জবাবে প্রাইম ব্যাংককে ৭৩ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ও অধিনায়ক মোহাম্মদ মিথুন। ৩৬ বলে ৩১ রান করে আউট হন মিথুন। এরপর নাসির-ইয়াসির আলি ১ রানে বিদায় নেন। এতে ৮৩ রানে ৩ উইকেট হারায় প্রাইম ব্যাংক।

তবে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ১১৯ রান যোগ করে প্রাইম ব্যাংকের জয় নিশ্চিত করেন তামিম ও মুশফিকুর রহিম। সেঞ্চুরি তুলে ১২টি চারে ১৫৬ বল খেলে অপরাজিত ১০৯ রান করেন তামিম। ২টি চারে ৫৭ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন পাঁচ নম্বরে নামা মুশফিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights