তারেক রহমান দেশে ইতিবাচক রাজনীতির আশার সঞ্চার করেছেন: দুলু

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ইতিবাচক রাজনীতির আশার সঞ্চার করেছেন। গতানুগতিক রাজনীতির বাইরে তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতি জাতির সামনে নতুনভাবে আশার সঞ্চার করেছে। যে অবস্থানেই থাকুক না কেন বিএনপি জনকল্যাণে কাজ করে যাবে।

শনিবার নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, এখনো আছে ভবিষ্যতেও থাকবে। আওয়ামী লীগ দুর্নীতি লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তারপরেও আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো আপনারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই।
বর্তমান সরকার একটি বিপ্লবের মধ্যদিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে উল্লেখ করে দুলু বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে। কিন্তু জনগণের দুঃখ-দুর্দশার সময়ে সরকার যদি তাদের পাশে না দাঁড়াতে পারে, তাহলে জনগণের দুর্দশার শেষ থাকবে না।

দুলু আরও বলেন, পৃথিবীর কোন দেশে স্মরণকালে কোন স্বৈরাচারি সরকার পতনের পর আর ক্ষমতায় ফিরে আসতে পারেনি। আওয়ামী লীগও আগামী ৪০ বছরে আর বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না। পাশের দেশে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা তার দলের পলাতক নেতাকর্মীদের দেশে অরাজকতা সৃষ্টি করতে উসকে দিচ্ছে। শেখ হাসিনার উসকানিতে দেশে কেউ অরাজকতা করার চেষ্টা করলে এদেশের মানুষ ছেড়ে দিবে না। শেখ হাসিনা উসকে দিয়ে পাশের দেশে নিরাপদে থাকলেও তার কথায় যারা দেশে অরাজকতা করবে তারা শান্তিতে থাকবে না। দেশের মানুষ ও সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

মাধনগর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি আনসার আলী সরদারের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, নলডাঙ্গা পৌর বিএনপির সভাপতি হাফিজ উদ্দিন ও স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু মৃধা এবং সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বিটল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights