তিন দফা দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের আগারগাঁও অবরোধ

শেকৃবি প্রতিনিধি

কৃষিবিদদের তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২৮ আগস্ট) আগারগাঁওয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন।

কর্মসূচি শুরুর ঘোষণা সকাল ১০টায় থাকলেও শিক্ষার্থীরা সকাল ১১টা ৩০ মিনিটে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে অবরোধ শুরু করেন। দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি সাময়িক স্থগিতের ঘোষণা দেন, ফলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে বুধবার রাতে আলোচনার পর আগারগাঁও ব্লকেড কর্মসূচির সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো, কৃষিভিত্তিক সকল গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের পদ কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ বাতিল করা এবং কৃষি বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি ছাড়া কারও নামের আগে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করা এবং এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

ব্লকেডে শেকৃবি ৮১ ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামান আজাদ বলেন, ‘ডিপ্লোমা ও বিএসসি কৃষিবিদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। ডিপ্লোমা কোর্সে এসএসসি পাস করে যেকোনো বিভাগ থেকে ভর্তি হওয়া যায়, কিন্তু বিএসসি কৃষিবিদ হতে হলে এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে হয় এবং প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আমরা তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জন করছি। অথচ দেখা যাচ্ছে চাকরিতে কোটার মাধ্যমে আমাদের চেয়ে ডিপ্লোমাদের বেশি সুবিধা দেওয়া হচ্ছে। ডিপ্লোমাদের জন্য ১০ম গ্রেডে ২২০০-২৩০০ পদ রয়েছে, কিন্তু বিসিএস কৃষিতে মাত্র ২৩০-২৫০টি পদ। ডিপ্লোমাধারীরা যথাযথ দক্ষতা না থাকা সত্ত্বেও শক্তিশালী সিন্ডিকেট গড়ে ১০ম গ্রেড দখল করে রেখেছে, যেখানে কৃষিবিদরা যোগ্য হলেও পরীক্ষার আবেদনই করতে পারছে না।’

কৃষি অনুষদের শিক্ষার্থী ইমরান হোসেন ইমন বলেন, ‘মাঠপর্যায়ে কাজের জন্য ডিপ্লোমাধারীরা একচেটিয়া আধিপত্য কায়েম করেছে। এর ফলে কৃষিকে আধুনিক করা সম্ভব হয়নি। যেখানে বিশ্ব কৃষিতে বিপ্লব ঘটিয়েছে, আমরা এখনো প্রয়োজনীয় কৃষিপণ্য আমদানি করছি। দেশের কৃষি উন্নয়নে যোগ্য কৃষিবিদ নিয়োগ ছাড়া বিকল্প নেই।’

শিক্ষার্থীরা অভিযোগ করেন, এর আগে বহুবার কৃষি সচিব ও খামারবাড়ি (DAE) কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেও সমাধান না পাওয়ায় তারা বাধ্য হয়ে এই অবরোধ কর্মসূচি পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights