তিস্তায় শীতের সৌন্দর্য বাড়াচ্ছে পরিয়ায়ী পাখি

নজরুল মৃধা, রংপুর
প্রকৃতিতে এখন শীত ঋতুর বন্দনা চলছে। এই শীতে তিস্তা নদীর সৌন্দর্য বাড়াতে ভিড় করছে দুর্লভ পরিয়ায়ী পাখি। নীলফামারীর ডালিয়া পয়েন্ট থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার তিস্তা নদী এবং নদীর চরে এখন বিচরণ করছে অসংখ্য পরিয়ায়ী পাখি। এর কোন কোনটা হাজার মাইল দূর থেকে এসে মোহনীয় করে তুলছে তিস্তার প্রকৃতি এবং পরিবেশকে। তিস্তা এখন পরিযায়ী পাখির নির্ভয় বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে।

জানা গেছে, সুদূর সাইবেয়িা, মধ্য এশিয়া, দক্ষিণ চীন, লাদাখ থেকে এসব পাখি আসছে। এর মধ্যে বিভিন্ন প্রজাতির দুর্লভ হাঁস, ছোটকান প্যাচা, লম্বাপা তিসাবাজ, জিরিয়া, টিটি, মনকান্ড চখাচখিসহ কমপক্ষে ৫০ থেকে ৫৫ প্রজাতির পাখির অভয়ারণ্য হয়ে উঠেছে তিস্তা।

তিস্তায় আসা এসব দুর্লভ পাখির ছবিও তুলছেন রংপুরের কয়েকজন সৌখিন আলোকচিত্রী। সম্প্রতি তিস্তার নদী থেকে এসব পাখির ছবি তুলেছেন সৌখিন আলোকচিত্রী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ।
তিস্তায় দুর্লভ পাখিদের বিচরণ সম্পর্কে ড. তুহিন ওয়াদুদ বলেন, প্রতি বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিস্তায় কমবেশি পরিয়ায়ী পাখি আসে। প্রতি বছরের ন্যায় এবারও পাখি আসছে। এবার বেশ কিছু নতুন পরিয়ায়ী পাখির দেখা পাওয়া গেছে তিস্তায়। নদীর পরিবেশ প্রকৃতি পাখিদের অনুকূলে থাকায় তিস্তাকে নিরাপদ আশ্রয়স্থল মনে করছে এই পাখিগুলো। নদীতে শামুক, জলজ পোকামাকড় এসব পাখির খাদ্য। তিস্তায় এসব খাদ্য পাওয়া যায় বলে এখানে বিচরণ করতে স্বাচ্ছন্দ বোধ করছে পাখিগুলো।

তিনি আরও বলেন, তিস্তায় যেন পাখির নির্ভয় বিচরণ ক্ষেত্রে করা যায় এজন্য সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলদের এগিয়ে আসা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights