তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে: রিজওয়ানা হাসান

নীলফামারী প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৮টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীর তীর রক্ষার কাজ পরিদর্শনের উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, ‘গত কয়েক মাসে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন নিয়ে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। আগামী ১৭ জুলাই প্রকল্পের পাঁচটি মূল বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চূড়ান্ত করা হবে। এরপর প্রস্তাবনাটি প্রথমে সরকারের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে এবং পরে ইআরডি (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ)-এর মাধ্যমে চীনা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। চূড়ান্ত প্রতিবেদন জমা পড়লে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। তবে যেহেতু এটি বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগ, তাই প্রকল্প বাস্তবায়নে উভয় দেশের সম্মতি প্রয়োজন।’

পরবর্তীতে উপদেষ্টা রিজওয়ানা হাসান সড়কপথে রওনা দেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীর তীর রক্ষার প্রকল্প এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকীসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights