তুরস্ককে ইসরায়েলি নৌপ্রধানের হুঁশিয়ারি, ভূমধ্যসাগরে সামরিক সংঘাতের শঙ্কা
অনলাইন ডেস্ক
ইসরায়েলের স্বাধীনতা ও সামুদ্রিক স্বার্থ অক্ষুণ্ণ রাখতে এবার তুরস্ককে পরোক্ষ সামরিক হুঁশিয়ারি দিলেন দেশটির নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল ইয়াল হারেল। সম্প্রতি ইসরায়েলি নৌবাহিনীর অফিসার গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি নাম না করে রিসেপ তাইয়েপ এরদোয়ান সরকারকে স্পষ্ট বার্তা দেন।
অনুষ্ঠানে ইয়াল হারেল বলেন, নতুন সামুদ্রিক অঙ্গনে এখন আর কোনো দূরবর্তী সীমান্ত বলে কিছু নেই। যারা সামুদ্রিক ও দূরবর্তী এলাকা থেকে ইসরায়েল রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে চায়, তাদের উদ্দেশ্যে আমি এখান থেকেই বলছি, যারা আমাদের ক্ষতি করতে চায়, দূরত্ব তাদের কাউকে কোনো সুরক্ষা বা নিরাপত্তা দেবে না। হাজার হাজার মাইল দূর থেকে যারা ইসরায়েল ও আইডিএফকে চ্যালেঞ্জ করার চেষ্টা করবে, তাদের প্রতিহত করতেই আমাদের এই নৌবাহিনী গড়ে তোলা হয়েছে।
ভূমধ্যসাগর এবং লোহিত সাগরের শক্তিসাম্য পরিবর্তনের চেষ্টাকারীদের উদ্দেশ্যে তিনি আরও যোগ করেন, আমরা তাদের প্রতিটি পদক্ষেপ দেখছি, পর্যবেক্ষণ করছি এবং তার জন্য উপযুক্ত প্রস্তুতি নিচ্ছি। ইসরায়েল রাষ্ট্রের কাজের স্বাধীনতা বা আমাদের জাতীয় সামুদ্রিক স্বার্থ কোনো হুমকির মুখে পড়ে; এমন কোনো বাস্তবতা নৌবাহিনী মেনে নেবে না। আমাদের দায়িত্ব ও মিশন পূর্ণ করতে আমরা প্রকাশ্যে কিংবা গোপনে সব জায়গায় উপস্থিতি নিশ্চিত করব।
ইসরায়েলের ‘চ্যানেল ১২’-এর সামরিক বিশ্লেষক নির ডোরির মতে, ভূমধ্যসাগরে সম্প্রতি দুই দেশের মধ্যে বেশ কিছু উত্তেজনাপূর্ণ ঘটনার প্রেক্ষাপটেই এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তিনি জানান, সম্প্রতি সাইপ্রাসের কাছে গ্রিস ও সাইপ্রাসের যৌথ মহড়া চলাকালে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ প্রায় চারটে তুর্কি নৌযানের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতিতে পড়েছিল। তুর্কি জাহাজগুলো একদম শত মিটারের কাছাকাছি চলে আসার পর অবশ্য যোগাযোগ বিচ্ছিন্ন করে সরে যায়। এই ঘটনার পর ইসরায়েলি নিরাপত্তা সংস্থা তুরস্ককে একটি শত্রুভাবাপন্ন রাষ্ট্র হিসেবে বিবেচনা করতে শুরু করেছে।
সূত্র: আল মায়াদিন
