তুরস্কে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ওজিলের বৈঠক, গাজা ইস্যুতে আলোচনা

অনলাইন ডেস্ক

তুরস্ক সফরের শেষ দিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও সাবেক প্রখ্যাত ফুটবলার মেসুত ওজিল এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। বৈঠকে তারা ফিলিস্তিনের গাজা পরিস্থিতি এবং মুসলিম উম্মাহর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে দীর্ঘ আলোচনা করেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ইস্তানবুলের একটি হোটেলে সৌজন্য সাক্ষাতে মিলিত হন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও সাবেক প্রখ্যাত ফুটবলার মেসুত ওজিল।

বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে নাজমেদ্দিন বিলাল এরদোয়ানও উপস্থিত ছিলেন।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, জার্মানির বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ওজিলের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করা ছিল এক দারুণ সুযোগ।

তিনি বলেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক হওয়া সত্ত্বেও আর্সেনালের সাবেক তারকা মেসুত ওজিলের সঙ্গে দেখা করে আনন্দিত। তিনি এখন তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির হয়ে রাজনীতিতে সক্রিয় রয়েছেন।’

ওজিলের মানবিক উদ্যোগগুলোর প্রশংসা করে আনোয়ার ইব্রাহিম বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন মানবিক কার্যক্রমে ওজিলের নিরবচ্ছিন্ন প্রতিশ্রুতি সত্যিই প্রশংসনীয়। আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী তার নাতনির কথা উল্লেখ করেন, যে আর্সেনালের একজন অন্ধ ভক্ত। বিষয়টি ওজিলের মুখে হাসি ফুটিয়ে তোলে।

বৈঠকে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকাকে মালয়েশিয়া সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। ওজিল মালয়েশিয়া সফরে গিয়ে সে দেশের তরুণ প্রজন্মের সঙ্গে ফুটবল, নেতৃত্ব, মানবিক মূল্যবোধ এবং বিশ্ব সংহতি নিয়ে নিজের অভিজ্ঞতা বিনিময় করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্টের আমন্ত্রণে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে গত মঙ্গলবার দেশটিতে সরকারি সফরে যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

সূত্র : মালয়মেইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights