তৃণমূল বিএনপির মনোনয়নপত্র নিলেন ৩৭ জন

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে নতুন রাজনৈতিক দল তৃণমূল বিএনপি। গতকাল সকাল থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে দলটি। প্রথম দিনে দলটির ৩৭ জন আগ্রহী প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথম দিন ৩৭ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। সোমবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে। ২১ নভেম্বর সকাল ১০টা থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে। প্রথম দিন টাঙ্গাইল সদর-৫ আসনে মো. শরীফুজ্জামান খান, টাঙ্গাইল-২ আসনে মাহবুবুর রহমান খান, টাঙ্গাইল-৪ আসনে শহীদুল ইসলাম, সাতক্ষীরা-৪ আসনে আসলাম আল মেহেদী, গাজীপুর-১ আসনে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীসহ অন্যরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদিন মনোনয়ন ফরম বিক্রির সময় তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় (৩৩ তোপখানা রোড, মেহেরবা প্লাজা ১৬ তলা) থেকে ৫ হাজার টাকা পে-অর্ডার/নগদ জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights