তোরণের বাঁশ পড়ে শ্রমিক নিহত
মাদারীপুরে তোরণ নির্মাণের বাঁশ পড়ে শাহাবুদ্দিন বেপারি (৭৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাবুদ্দিন বেপারি সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বোয়ালিয়া এলাকার আহমেদ বেপারি ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, জেলা যুবলীগের সহ-সম্পাদক সুমন তালুকদার কুমারটেক এলাকায় ৪ জন শ্রমিক নিয়ে একটি তোরণ নির্মাণ করছিলেন। তোরণটির উচ্চতা কম হওয়ার ওই সড়ক দিয়ে একটি কাভার্ডভ্যান যাওয়ার সময় এতে ধাক্কা লাগে। এ সময় তোরণের একটি বাঁশ খুলে গিয়ে নিচে থাকা শ্রমিক শাহাবুদ্দিন বেপারির মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, তোরণের সাথে কাভার্ড ভ্যানের ধাক্কা লাগলে বাঁশ খুলে নিচে থাকা শ্রমিক শাহাবুদ্দিনের মাথায় পড়লে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
