থানচিতে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে উত্তেজনা

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলায় সাড়ে ৫ বছর বয়সী ত্রিপুরা সম্প্রদায়ের এক শিশুকন্যাকে ধর্ষণের দায়ে বিজয় বড়ুয়া (১৫) নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাতে থানচি সদর ইউনিয়নের নতুন পাড়ায় এ ঘটনা ঘটে। রবিবার সকালে অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় আনা হয়।

স্থানীয়রা জানান, প্রতিবেশী শিশুকন্যাকে খাবারের প্রলোভন দিয়ে নিজ ঘরে এনে শনিবার রাতে তাকে ধর্ষণ করে কিশোর বিজয় বড়ুয়া।

বিজিবির বলিপাড়া জোনের সহকারি পরিচালক জাকির হোসেন জানান, শিশু ধর্ষণের ঘটনা ছড়িয়ে পড়ার পর রবিবার সকালে থানচি থানা পুলিশ অভিযুক্ত কিশোর বিজয় বড়ুয়াকে থানায় নিয়ে আসে। এসময় একদল বিক্ষুব্ধ জনতা কিশোরকে নিজেদের দখলে নিয়ে বিচার করার দাবিতে থানচি থানা ঘেরাও করে।

তিনি জানান, খবর পেয়ে বিজিবি সদস্যরা থানায় গেলে বিক্ষুব্ধ জনতা ক্ষিপ্ত হয়ে বিজিবির একটি গাড়িতে হামলা চালায়। তবে বেলা দেড়টার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধর্ষণের বিষয়ে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights