দক্ষিণ কোরিয়াকে বিশ্বকাপের সেমিফাইনালে নিতে চান সন

স্পোর্টস ডেস্ক

ইতোমধ্যে তিনটি বিশ্বকাপে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে দক্ষিণ কোরিয়া অধিনায়ক সন হিউং-মিনের। এবার চতুর্থ বিশ্বকাপে নামার আগে বড় স্বপ্নের কথা জানিয়েছেন এই তারকা ফরোয়ার্ড, দলকে সেমি-ফাইনালে নিতে চান তিনি।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ দিয়ে তাঁর আন্তর্জাতিক বিশ্বকাপ যাত্রা শুরু হয়। সেই আসরের ২৩ জনের দলে থাকা খেলোয়াড়দের মধ্যে মাত্র দুই জন এবার ২৬ জনের স্কোয়াডে আছেন, তাঁদের একজন সন।

দেশে অনুষ্ঠিত ২০০২ বিশ্বকাপে সেমি-ফাইনালে পৌঁছেছিল দক্ষিণ কোরিয়া, যা এখন পর্যন্ত তাদের সেরা সাফল্য। সেই দলের অধিনায়ক ছিলেন বর্তমান কোচ হং মিয়ং-বো। তাঁর পথ অনুসরণ করতে চান সন।

ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে সন বলেন,’আমাদের কোচ অবিশ্বাস্য কিছু অর্জন করেছেন এবং ২০০২ বিশ্বকাপ দলের অধিনায়ক হিসেবে সব খেলোয়াড়কে নেতৃত্ব দিয়ে এক চমৎকার যাত্রায় নিয়ে গিয়েছিলেন তিনি। আমার সতীর্থদের সঙ্গে এমন একটি যাত্রা করতে চাই আমি। আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো যুক্তরাষ্ট্রে সেই চমৎকার যাত্রার পুনরাবৃত্তি করা।’

লক্ষ্য পূরণ সহজ হবে না বলেও মনে করেন তিনি। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান সন।

তিনি বলেন,’আমি মনে করি না এটা শুধু দলের একার পক্ষে করা সম্ভব। সবাইকে সত্যিকার অর্থে এক হয়ে কাজ করতে হবে। কোরিয়ান মানুষের কথাগুলো খেলোয়াড়দের দারুণ শক্তি জোগায়। ওইরকম বড় সাফল্য অর্জন করতে হলে, প্রত্যেককে হৃদয়ে ও মনে একতাবদ্ধ থাকতে হবে। এটা আমার শেষ বিশ্বকাপ হতে পারে। চমৎকার একটি যাত্রার আশা করছি।’

ভক্তদের উদ্দেশে সন আরও বলেন,’ভক্তদের বলতে চাই এবং অনুরোধও করতে চাই: তারা যদি আমাদের মনেপ্রাণে সমর্থন করে যায় এবং উৎসাহ দিয়ে সবসময় আমাদের পাশে থাকে, তাহলে আমি খেলোয়াড়দের সামনে থেকে নেতৃত্ব দেব এবং আমরা নির্ভয়ে বিশ্বকাপের মুখোমুখি হব।’

আগামী ১১ জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ অভিযান শুরু হবে। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights