দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও শি জিন পিং

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় এক শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকে বসছেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশের এই বৈঠক নিয়ে কয়েক সপ্তাহ ধরেই প্রস্তুতি চলছিল। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ায় বৈঠকটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

যদি বৈঠকটি হয়, তবে সেটিই হবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর সি চিন পিংয়ের সঙ্গে তাঁর প্রথম মুখোমুখি সাক্ষাৎ।

বিবিসি-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গতকাল বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

তিনি জানান, এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে। সম্মেলনটি অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় শহর গিয়ংজুতে, ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত।

বৈঠক প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমাদের বেশ দীর্ঘ বৈঠকের সময়সূচি রয়েছে। আমরা আমাদের অনেক প্রশ্ন ও সন্দেহ মিটিয়ে নিতে পারব এবং একসঙ্গে বিশাল সম্ভাবনাগুলো নিয়ে কাজ করব। আমার মনে হয়, কোনো না কোনো সমাধান পাওয়া যাবে। আমাদের সম্পর্ক ভালো, এবং এটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে।”

অন্যদিকে, আসন্ন আলোচনাকে ঘিরে আশাবাদ প্রকাশ করেছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। শুক্রবার তিনি বলেন, “আগের আলোচনাগুলোর অভিজ্ঞতা থেকে বোঝা যায়, দুই পক্ষের উদ্বেগের সমাধান খুঁজে পাওয়া সম্ভব। এতে চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুস্থ, স্থিতিশীল ও টেকসই উন্নয়ন পাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights