দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিল রাসিক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রথমবারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার সন্ধ্যায় বিভাগীয় কমিশনারের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ।

এর মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশন পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম শুরু হলো। শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ হাজার টাকা, কলেজ পর্যায়ে ৭ হাজার টাকা, হাইস্কুল পর্যায়ে ৫ হাজার টাকা এবং প্রাইমারি স্কুল পর্যায়ে ৩ হাজার টাকা প্রদান করা হয়। প্রতি তিন মাস পরপর এই এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

এককালীন শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সামিউল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোসা. খাতিজা খাতুন, রাজশাহী সরকারি মহিলা কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসা. তমালিকা আক্তার মৌ, রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মোসা. মহিমা খাতুন, রাজশাহী নিউ গভ. কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সালেহ উদ্দিন।

শিক্ষাবৃৃত্তি প্রদান অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহী সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights