দলে ইনজুরি শঙ্কা, রাতে পাকিস্তান যাচ্ছেন লিটন দাস

অনলাইন ডেস্ক

এশিয়া কাপে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। সুপার ফোরের ম্যাচগুলোতে অংশগ্রহণ করতে আজ (সোমবার) রাতেই পাকিস্তান যাচ্ছেন ওপেনার ব্যাটার লিটন দাস। গণমাধ্যমকে এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।

তবে লিটনকে কার পরিবর্তে দলে নেওয়া হবে সেটা এখনো জানানো হয়নি। গতকাল আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশ। দলে ইনজুরি শঙ্কা আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তাই সতর্কতা হিসেবে লিটনকে পাঠানো হচ্ছে।

নান্নু বলেন, ‘লিটনকে নিয়ে যাওয়ার জন্য তো কাউকে ইনজুরিতে পড়তে হবে। দল তো ১৭ জনের হয়ে গেছে। তবে কিছু ইনজুরি শঙ্কা আছে দলে। আমরা আলোচনা করছি আপাতত।’
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনুমতি পাওয়ার পরই বিসিবি জানিয়ে দেবে কে বাদ পড়ছেন। নিয়ম অনুযায়ী, এশিয়া কাপে ১৭ জনের বেশি স্কোয়াড সাজাতে পারবে না কোনো দল।

এদিকে লিটন না থাকায় এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মুখ থুবড়ে ওপেনিং জুটি। নাঈম শেখ ও তানজিদ হাসান তামিম ফেরেন দ্রুতই। পরের ম্যাচে অবশ্য তানজিদের জায়গায় ওপেন করতে আসেন মেহেদী হাসান মিরাজ। ১১৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ-সেরা হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights