দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

অনলাইন ডেস্ক
গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত এক জয়ে নকআউট নিশ্চিত করার পাশাপাশি গ্রুপসেরার আসনও দখল করে নিয়েছে বেলজিয়াম। অন্যদিকে, আগেই শেষ ৩২ নিশ্চিত করা মিশর ইরানের বিপক্ষে ড্র করে শীর্ষস্থান ধরে রাখতে পারেনি।

আগেই নকআউট নিশ্চিত করা মিশর শেষ ম্যাচে ইরানের মুখোমুখি হয় পূর্ণশক্তির দল নিয়েই। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা মিশর পঞ্চম মিনিটে মাহমুদ সাবেরের গোলে এগিয়ে যায়।

গোল হজমের পর দ্রুতই ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় ইরান। পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন মেহদি তারেমি। তবে ১৪ মিনিটে রামিন রেজাইয়ান গোল করে সমতায় ফেরান দলকে। মিলাদ মোহাম্মাদির শট মিশরের গোলরক্ষক ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি, ফিরতি বলে জোরালো শটে জাল খুঁজে নেন রামিন। বাকি সময় দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। এই ড্রয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া হয় মোহাম্মদ সালাহদের।

অন্য ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ে বেলজিয়াম। কোচ ড্যারেন বাজেলি প্রথম একাদশে রাখেননি রোমেলু লুকাকুকে। শুরুতে একাধিক সুযোগ নষ্ট করলেও ২৮ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসারের গোলে এগিয়ে যায় ইউরোপের দলটি। বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে বেলজিয়াম। ম্যাচের ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ত্রোসার। এরপর ৬৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন অধিনায়ক কেভিন ডি ব্রুইনে।

৮৪ মিনিটে এলাইজা জাস্ট নিউ জিল্যান্ডের হয়ে একটি গোল শোধ দিলেও দুই মিনিট পর বদলি হিসেবে নেমেই গোল করেন রোমেলু লুকাকু। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে অ্যালেক্সিস সায়েলেমেকার্স পঞ্চম গোল করলে ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় বেলজিয়ামের। এই জয়ের ফলে গোল ব্যবধানে মিশরকে টপকে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয় বেলজিয়াম। অন্যদিকে রানার্সআপ হয়ে নকআউটে ওঠে মিশর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights