দিগন্তে উঁকি দিচ্ছে বেগুনি আলো আর স্যাটেলাইট! জাদুকরী ভিডিও দেখালেন নভোচারী

রাতের অন্ধকার আকাশ হঠাৎ সেজে উঠেছে বেগুনি আলোয়! পৃথিবীর দিগন্ত রেখায় আলোর এমন জাদুকরী খেলা সত্যিই অভাবনীয়। মহাকাশ থেকে এমন এক বিরল আর চোখধাঁধানো দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন নভোচারী অনিল মেনন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই অসাধারণ ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওতে রাতের আকাশকে আলোকিত করে রাখা এক অপরূপ বেগুনি অরোরা দেখা যায়। এই মনোরম রঙের পেছনের বিজ্ঞানও তিনি বেশ সহজভাবে বুঝিয়ে বলেছেন।

অনিল মেনন জানান, ভিডিওটিতে অরোরার বেগুনি আভা ফুটে উঠেছে। এসময় কেপি (KP) সূচক ছিল প্রায় ৪। মহাকাশ স্টেশন এখন ‘হাই বিটা’ বা উচ্চ বিটা কোণের বেশ কাছাকাছি যাচ্ছে। এ কারণে দিগন্ত পেরিয়ে আরও বেশি আলো এসে পড়ছে। আলোর এই মিশ্রণেই মূলত এমন নজরকাড়া রঙের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে রাতের আকাশে কিছু স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের দেখাও মিলেছে এই ভিডিওতে।

ভিডিওটি ধারণ করার কারিগরি দিকও তুলে ধরেছেন এই নভোচারী। তিনি জানান, ১৪ মিলিমিটার সেটিং ও ১/৪ বিরতি বা ইন্টারভ্যাল ব্যবহার করে এটি রেকর্ড করা হয়। পরে পুরো ভিডিওটিকে দুটি ভাগে ভাগ করা হয়।

মহাকাশের নানা কণা ও মহাজাগতিক অন্যান্য দৃশ্য মেনন নিয়মিত শেয়ার করেন। তবে এবারের দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একেবারে মুগ্ধ করেছে।

অরোরার এই রূপ দেখে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ওই পাতলা নীল রেখাটি সত্যিই অসাধারণ। আরেকজন বলেন, হাই বিটার মিশ্রণ সত্যিই বেগুনি রংটিকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। দৃশ্যটি দেখে মুগ্ধ হয়ে আরেক নেটিজেনের ছোট মন্তব্য ছিল, ‘কী দারুণ এক দৃশ্য!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights