দিনাজপুরের লিচু যাচ্ছে ফ্রান্সে
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের অনন্য স্বাদের টসটসে দেশের সেরা লিচু প্রথমবারের মতো বিদেশে রপ্তানি হচ্ছে। সবার কাছেই সমাদৃত দিনাজপুরের লিচু। এই লিচু প্রথমবারের মতো পাঠানো হচ্ছে ফ্রান্সে। এতে যেমন লাভবান হবেন কৃষক, তেমনি উপার্জিত হবে বৈদেশিক মুদ্রা।
সফল হতে পারলে আগামীতে আরও বেশি পরিমাণে লিচু রপ্তানি হবে সংশ্লিষ্টরা আশা করেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে লিচু রপ্তানির বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জানা যায়, সোমবার রাতে প্রশাসনের নিজস্ব পরিবহনের মাধ্যমে থেকে ৪০টি ক্যারেটে ১৬ হাজার বেদানা জাতের লিচু ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। প্রায় ৩০০কেজি ওজনের এই লিচু বিশেষভাবে প্যাকেট করে এবং শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে ঢাকায় পৌঁছাবে। সেখান থেকে আবারও প্যাকেজিং করে কার্গোর মাধ্যমে ফ্রান্সে যাবে। মিন্টু ইসলাম নামে এক ব্যক্তি এই লিচুগুলো ফ্রান্সের প্রাইম এশিয়া কোম্পানির সত্ত্বাধিকারী শেখ মাসুমের কাছে লিচুগুলো পাঠাবেন। দিনাজপুরের বিরল উপজেলার চকভবানী গ্রামের আফজাল হোসেনের বাগান থেকে এই লিচুগুলো সংগ্রহ করা হয়েছে।
ফ্রান্সে লিচু রপ্তানির উদ্বোধন করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিচুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, লিচু চাষি আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনাজপুরের লিচু পাঠানোর উদ্যোগ গ্রহণ করেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। তারই উদ্যোগে ফ্রান্স অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ করে লিচু রপ্তানির প্রক্রিয়া শেষ করা হয়। ফ্রান্স ছাড়াও আরও কয়েকটি দেশে দিনাজপুরের লিচু পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এর মাধ্যমে দিনাজপুরের লিচু রপ্তানির পথ তৈরি হলো। আগামীতে অধিক পরিমাণে লিচু দিনাজপুর থেকে রপ্তানি করা যাবে। যাতে করে কৃষকরা লাভবান হবেন, বৈদেশিক মুদ্রা উপার্জিত হবে।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান বলেন, দিনাজপুরের লিচুর আলাদা সুখ্যাতি রয়েছে। এবার প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর লিচু বাগান থেকে ৩১ হাজার ৭৯০ মেট্রিক টন লিচু উৎপাদিত হবে। দিনাজপুরে যে পরিমাণে লিচু হয় তার চার ভাগের তিন ভাগই রপ্তানি করা সম্ভব।
