দিনাজপুরে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে বিজিবির অভিযানে পাচারের আগেই কষ্টিপাথরের শিবলিঙ্গ, বিষ্ণু ও বেলে পাথরের মনসা মূর্তি উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দেশের মূল্যবান কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নতাত্ত্বিক সম্পদ বিদেশে পাচারের একটি অপচেষ্টা নস্যাৎ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

সোমবার বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজিবি জানায়, গত ৫ জুলাই দিবাগত রাত আড়াইটায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি ও সংশ্লিষ্ট থানা পুলিশের একটি যৌথ দল দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মালিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি বাড়ি থেকে ১৩৯ কেজি ৫০০ গ্রাম ওজনের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের একটি শিবলিঙ্গ উদ্ধার করে। পরবর্তীতে ভোর ৫টায় দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ইছাইল এলাকায় অপর একটি বাড়ীতে পরিচালিত পৃথক অভিযানে ১৩ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি এবং ৯ কেজি ১০০ গ্রাম ওজনের মূল্যবান বেলে পাথরের একটি মনসা মূর্তি উদ্ধার করা হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধারকৃত প্রত্নবস্তুগুলোকে প্রত্নতাত্তিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights