দিনাজপুরে গণভোটের পোস্টাল ব্যালট বক্স সিলগালা সম্পন্ন
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনের জন্য পোস্টাল ব্যালট বক্স বদ্ধকরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়ামে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় মোট ৫০টি স্বচ্ছ পোস্টাল ব্যালট বক্স পরীক্ষা-নিরীক্ষা শেষে সিলগালা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরে আলম সিদ্দিকী, জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান।
এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যালট বক্সগুলো স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত এবং বিদেশে অবস্থানরত মোট ২২ হাজার ৩৪৯ জন ভোটার এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নিয়ম অনুযায়ী, নির্বাচনের দিন সাধারণ ভোটের সঙ্গেই এই পোস্টাল ব্যালটগুলো গণনা করা হবে।
