দিনাজপুরে চার দিনে শীতজনিত রোগে ৩ হাজার ৪৮৪ রোগী ভর্তি
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে শীতের
তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। সবচেয়ে বেশি
আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। ফলে জেলার প্রতিটি হাসপাতালে শীতজনিত
রোগীর চাপ বেড়েছে।
দিনাজপুরের সির্ভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত চার দিনে
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতাল, ২৫০ শয্যা
বিশিষ্ট জেনারেল হাসাপাতাল ও জেলার ১২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
শ্বাসতন্ত্রের সংক্রমণে ৮৮৫ ও ডায়রিয়ায় আক্রান্ত দুই হাজার ৫৯৯ রোগী
ভর্তি হয়েছে। এরমধ্যে বেশীরভাগই শিশু ও বয়স্ক।
তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে ২৩ ও
ডায়রিয়ায় আক্রান্ত ৪৪ রোগী। অথচ বুধবারে (১৭ জানুয়ারি) ভর্তি
হয়েছে শ্বাতন্ত্রের সংক্রমণে ৫ ও ডায়রিয়ায় ৩৩ জন। এতে দেখা যায়
শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।
সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী বলেন,
শীতজনিত রোগী বাড়লেও পরিস্থিতি এখন পর্যন্ত উদ্বেগের নয়।
শীতজনিত রোগে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। রোগী বাড়লেও
প্রস্তুতি ব্যাপক রাখা হয়েছে।
তিনি আরও বলেন, বয়স্ক ও শিশুদের শীতে খুব বেশি প্রয়োজন ছাড়া
বাইরে বের হওয়া উচিত নয়। শিশুদের শীতের পোশাক পরিধান করাতে হবে।
সামান্য অবহেলার কারণে শিশুদের মারাত্মক জটিলতা দেখা দিতে পারে।
