দিনাজপুরে বাড়ছে শীতের দাপট

অনলাইন ডেস্ক

দিনাজপুরে তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। হিমেল বাতাসের সঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে পুরো এলাকা। দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। হাড় কাঁপানো কনকনে ঠাণ্ডায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন পড়েছে বিপাকে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯২ শতাংশ।

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন। তিনি জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯২ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪ কিলোমিটার। গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯১ শতাংশ।

তিনি আরও জানান, দেশের অন্যান্য কয়েকটি জেলার আজকের সকাল ৬টার তাপমাত্রা: তেতুলিয়া (পঞ্চগড়): ৭.৮, সৈয়দপুর: ১১.১, রংপুর: ১২.৫, রাজারহাট (কুড়িগ্রাম): ১০.৮, ডিমলা (নীলফামারী): ১০.৮, বদলগাছি (নওগাঁ): ১০.৪, বগুড়া: ১১.৮, রাজশাহী: ১০.০, যশোর: ১০.০ এবং শ্রীমঙ্গল (সিলেট): ১০.০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তীব্র শীতে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম সড়ক ও হাটবাজারগুলো। ভোরে ঘন কুয়াশা থাকার কারণে বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights