দিনাজপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে বাবা তালা কিস্কুকে হত্যা মামলায় ছেলে বৈদ্দ কিস্কুর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও ১২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের জেল দেওয়া হয়।

রবিবার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক শ্যাম সুন্দর রায় এই আদেশ দেন।

এ সময় আসামি বৈদ্দ কিস্কু (৩৫) আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত বৈদ্য কিস্কু দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর এলাকার মৃত তালা কিস্কুর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৬ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টার দিকে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর আদিবাসীপাড়ায় পারিবারিক কলহের জেরে বৈদ্দ কিস্কু তার মা ও বাবাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় বাবা তালা কিস্কু প্রতিবাদ করলে বৈদ্দ কিস্কুর কোমড়ে থাকা ধারালো তার বাবাকে চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তালা কিস্কুর মৃত্যু হয়। পরে মা সুমি হাসদা বাদী হয়ে নিজের ছেলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবি বলেন, দীর্ঘ প্রায় ৫ বছর পর এই মামলার বিচার সম্পন্ন হলো। মামলার রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট বলেও জানান এই আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights