দিনাজপুরে ব্যাংক কর্মচারীর উপর হামলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগে (বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১:৩০ টায় দিনাজপুর প্রেসক্লাব (নীমতলায়) সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ মাহফুজ হাসান।
তিনি জানান, তিনি দিনাজপুরের ৬ নং আউলিয়াপুর ইউপির সাবেক চেয়ারম্যান মৃত মকসুদ আলী’র পুত্র, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্যাংকের অফিসিয়াল কাজে মোটরসাইকেলে মহব্বতপুর হাজীদিঘি থেকে ফরিদপুরে যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হন। ঘটনাটি ঘটে ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী মেলার প্রথম গেটের সামনে।
তিনি বলেন, দিনাজপুর মাসিমপুর এলাকার বিশু’র পুত্র মেলার সাইকেল স্ট্যান্ডের ইজারাদার মিন্টুর নেতৃত্বে একই এলাকার নাজিমের পুত্র বাবু, পুলহাট এলাকার মৃত মনতা’র পুত্র মাসুদ, বেলপুকুর এলাকার হাফিজুর রহমানের পুত্র রিয়াদসহ আরও ৩/৪ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী এ হামলা চালায়। সন্ত্রাসীরা আমার উপর লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। তাদের আঘাতে আমার নাকের হাড় ভেঙে যায় এবং কোমরের নিচে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার মোটরসাইকেল এবং অফিসের কাগজপত্রসহ ২০ হাজার টাকা লুট করে নেয়া হয়।
সংবাদ সম্মেলনে মো. মাহফুজ হাসান দাবি করেন, চেরাডাঙ্গী মেলায় সন্ত্রাসীরা মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে সাইকেল স্ট্যান্ড পরিচালনা করছে। প্রশাসনের উচিত এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া। এমন দুঃসাহস তারা কীভাবে দেখায়?
তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সাহায্যে গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে তার নাকে অস্ত্রোপচার এবং ছুরির আঘাতে সেলাই করা হয়।
মোঃ মাহফুজ হাসান চেরাডাঙ্গী মেলার অবক্ষয়ের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, একসময় এই মেলা গরু, মহিষ এবং অন্যান্য পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য বিখ্যাত ছিল। কিন্তু বতর্মানে মেলা যাত্রা, পুতুল নাচ এবং সার্কাসের নামে অশ্লীল নৃত্য ও মাদক বেচাকেনার কেন্দ্র হয়ে উঠেছে। এর ফলে তরুণ সমাজ নৈতিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি জানান, এ হামলার ঘটনায় দিনাজপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ডা. আলী আকবর সুমন (ইনটান্ড) বলেন, মোঃ মাহফুজ হাসানের নাকে অস্ত্র পাচার করা হয়েছে, ছুরিকা আঘাতে জখম স্থানে ৩টি সেলাই করা হয়েছে, চিকিৎসা শেষে তাকে রিলিজ দেওয়া হয়েছে।
দিনাজপুর কতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান এ প্রতিনিধিকে জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
