দিনাজপুরে মানবতার কল্যাণে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালুর লক্ষ্যে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে আর্তমানবতার সেবায় এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে লার্ন অ্যান্ড লীড ফাউন্ডেশন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) শহরের ৮ নম্বর উপশহরস্থ কনফিয়ার সিটি কনফারেন্স রুমে ফাউন্ডেশনের উদ্যোগে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচনার বিষয় ছিল-অসহায় ও দুস্থ রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লার্ন অ্যান্ড লীড ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিবুর রহমান, তিনি বলেন, আজকের এই আয়োজনের মূল লক্ষ্য হলো দিনাজপুরের কোনো অসহায় মানুষ যেন কেবল টাকার অভাবে অ্যাম্বুলেন্স না পেয়ে বিনা চিকিৎসায় মারা না যায়। আমাদের লার্ন অ্যান্ড লীড ফাউন্ডেশন সেইসব দুস্থ মানুষের শেষ আশ্রয় হতে চায়। একটি ফোন কলেই মুমূর্ষু রোগীর দুয়ারে পৌঁছে যাবে আমাদের ফ্রি অ্যাম্বুলেন্স। এটি আমাদের কোনো ব্যবসা নয়, বরং আর্তমানবতার সেবায় একটি পবিত্র অঙ্গীকার। এই মানবিক মিশন সফল করতে আমি আপনাদের সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ আনিসুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, চিকিৎসা সেবায় যাতায়াত একটি বড় বাধা, বিশেষ করে দরিদ্র মানুষের জন্য। ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালুর এই পরিকল্পনা দিনাজপুরের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন-ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এস. এম. মফিজুর রহমান,বিশিষ্ট চিকিৎসাবীদ ড. বদরুদ্দোহা, শিশু বিশেষজ্ঞ ড. রইছউদ্দিন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’রপ্রফেসর ড. শোয়াইবুর রহমান, বক্তারা এই মানবিক উদ্যোগকে সফল করতে সমাজের বিত্তবান ও সুধী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সঞ্চালনা ও ব্যবস্থাপনা করেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি সোহেল রানা। তিনি জানান, ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো জরুরি মুহূর্তে অর্থের অভাবে যেন কোনো রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা। সেই লক্ষ্যেই এই ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের রোডম্যাপ তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দিনাজপুরের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
