দিনাজপুরে লিচুর জমজমাট বাজার: যাচ্ছে বিদেশেও

​আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :
জেলাজুড়ে ঐতিহ্যবাহী বেদানা ও মাদ্রাজি লিচু কেনাবেচার ধুম পড়েছে। কালিতলা
নিউ মার্কেট এবং গোর-এ শহীদ ময়দানের দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজারে
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কোটি কোটি টাকার লিচু বেচাকেনা হচ্ছে।
এখানকার উৎপাদিত ২০ ভাগ লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে বাকি ৮০ ভাগ চলে যাচ্ছে
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। এমনকি জিআই স্বীকৃতিপ্রাপ্ত
দিনাজপুরের বেদানা লিচু গত বছরের মতো এবারও ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বেশ
কয়েকটি দেশে রপ্তানির প্রস্তুতি চলছে।
​বাজার দর অনুযায়ী, বর্তমানে প্রতি শত মাদ্রাজি লিচু ৩০০-৪০০ টাকা, বেদানা ৫০০-
৭০০ টাকা এবং চায়না-৩ লিচু ৮০০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান,
তীব্র গরমের কারণে মাদ্রাজি লিচুর সরবরাহ কম এবং ঢাকার পাইকারদের আধিক্যের কারণে
বাজারে দাম কিছুটা চড়া। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা
ঊর্ধ্বতনদের উপহার পাঠানোর জন্য সরাসরি মাছিমপুর, বিরলসহ বিভিন্ন বাগান থেকে
লিচু সংগ্রহ করছেন।
​কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় মোট ৫ হাজার ৫২০ হেক্টর জমিতে
৯,৭৯৮টি গাছের বিপরীতে এবার ৩৪,৬২৮ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ
করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. আনিসুজ্জামান আশা
প্রকাশ করে বলেন, প্রতিদিন এই বাজারগুলো থেকে আড়াই থেকে তিন কোটি টাকার
লিচু লেনদেন হচ্ছে, যা দেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights