দিনাজপুরে স্বামীর সামনেই ট্রাকচাপায় স্ত্রী-কন্যা নিহত
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাটে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিলেন স্বামী সেলিম সরকার। এসময় পিছন থেকে ট্রাকচাপায় নিহত হয় স্ত্রী-কন্যা।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট পৌরসভার ঘোড়াঘাট ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার নাছিরাবাদ এলাকার সেলিম সরকারে স্ত্রী সম্পা বেগম (৩৫) ও তার মেয়ে নুছাইফা। এ ঘটনায় মোটরসাইকেল চালক স্বামী সেলিম সরকার সুস্থ রয়েছেন বলে জানা যায়।
স্থানীয়রা জানান, সেলিম সরকার তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জের চিত্তিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। তারা ঘোড়াঘাট পৌরশহরের ইসলামপুর বাজার এলাকায় পৌঁছানোর আগেই গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন সম্পা ও নুছাইফা। পরে ট্রাকটি তাদের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে।
